তৈরি পোশাকসহ কয়েকটি প্রধান খাতের ওপর ভর করে টানা দ্বিতীয় মাসের মতো ইতিবাচক ধারায় রয়েছে বাংলাদেশের পণ্য রপ্তানি আয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে দেশের পণ্য রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৮.৫৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩.৯৪ বিলিয়ন ডলারে (৩৯৪ কোটি ডলার) পৌঁছেছে।
গত ২০২৫-২৬ অর্থবছরের সেপ্টেম্বরে রপ্তানি আয় ছিল ৩৬৩ কোটি ডলার (৩.৬৩ বিলিয়ন ডলার)। সেই হিসাব অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৩১ কোটি ডলার। এই ধারাবাহিক উন্নতির ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬.৩৪ শতাংশে।
দেশের রপ্তানি আয়ের মূল চালিকাশক্তি তৈরি পোশাক (আরএমজি) খাত সেপ্টেম্বরেও প্রবৃদ্ধির গতি ধরে রেখেছে। এ মাসে পোশাক খাতের রপ্তানি আয় ৮.৫৬ শতাংশ বেড়ে ৩০৮ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ২৮৪ কোটি ডলার।
পোশাক খাতের পাশাপাশি অন্যান্য প্রধান খাতগুলোতেও উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। সেপ্টেম্বরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে ২০.১৯ শতাংশ এবং পাট ও পাটজাত পণ্যে ২২.৭২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
এছাড়া হোম টেক্সটাইল পণ্যের রপ্তানি ১৩.৫২ শতাংশ এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতের রপ্তানি ৩.৭৬ শতাংশ বেড়েছে।তবে সেপ্টেম্বরে সবচেয়ে বড় চমক দেখিয়েছে দেশের ওষুধ শিল্প। ইপিবির তথ্য মতে, প্রধান রপ্তানি খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে এ খাতটি। সেপ্টেম্বরে ওষুধ রপ্তানি থেকে আসা আয় আগের বছরের একই সময়ের তুলনায় রেকর্ড ৬৪.৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


