প্রধান শিল্পাঞ্চলে শ্রমজীবী মানুষের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে ১০০ শয্যার ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। দেশের শ্রমিকদের জন্য এই হাসপাতালগুলো সম্পূর্ণ ডেডিকেটেড বা নির্দিষ্ট থাকবে।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুলের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান।

প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, সরকার শ্রমজীবী মানুষের সার্বিক সুচিকিৎসা সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই পরিকল্পনার অংশ হিসেবে প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, কালিয়াকৈর, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে এই ছয়টি বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে। হাসপাতালগুলোর নামও এমনভাবে রাখা হবে যাতে তা কেবল শ্রমিকদের চিকিৎসা সেবার পরিচয় বহন করে।

অধিবেশনে পূর্ববর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিগত স্বৈরাচারী শাসনের এক যুগেরও বেশি সময়ে দেশের জ্বালানি ও স্বাস্থ্য খাতকে চরম সংকটে ফেলা হয়েছিল। খনিজ সম্পদকে দেশীয় স্বার্থে ব্যবহার না করে অতিরিক্ত আমদানিনির্ভর করা হয়েছিল, যার ফলে স্বাভাবিক শিল্প বিকাশ বাধাগ্রস্ত হয়।

স্বাস্থ্য খাতের পরিস্থিতি উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, অতীতে পরিকল্পিতভাবে চিকিৎসা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। বিশেষ করে গ্রামীণ জনপদের স্বাস্থ্যসেবা বিপর্যস্ত করে মানুষকে চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য করা হয়। তবে বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ায় প্রতিটি শ্রেণি ও পেশার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com