শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা ও প্রায়োগিক জ্ঞান অর্জনের লক্ষ্যে ইউনিভার্সিটি অব স্কলার্সের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা সম্প্রতি সাদিয়া টেক্সটাইল লিমিটেড পরিদর্শন করেন। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তব শিল্পক্ষেত্রের কার্যক্রমের সমন্বয় ঘটাতে এ শিল্প পরিদর্শনের আয়োজন করা হয়।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা সাদিয়া টেক্সটাইল লিমিটেডের ডাইং ও উইভিং (বয়ন) সেকশন ঘুরে দেখেন। এ সময় তারা ডাইং ও বয়ন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ, ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি, উৎপাদন কার্যক্রম এবং শিল্পক্ষেত্রে এসব প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন।বিশেষ করে ডাইং সেকশনে কাপড়ের রংকরণ প্রক্রিয়া, বিভিন্ন ধাপ ও প্রযুক্তিগত কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি উইভিং সেকশনে সুতা থেকে কাপড় উৎপাদনের বিভিন্ন ধাপ, মেশিন পরিচালনা এবং উৎপাদন প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পান তারা।
শিল্প পরিদর্শনে শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ফয়সাল বিন আলম, সিনিয়র লেকচারার ও কো-অর্ডিনেটর মো. তৌহিদুল ইসলাম, লেকচারার মো. মোস্তাক আহমেদ হেমেল এবং লেকচারার অনু আক্তার।
পরিদর্শনকালে সাদিয়া টেক্সটাইল লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তারা শিক্ষার্থীদের বিভিন্ন উৎপাদন প্রক্রিয়া ও প্রযুক্তিগত বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। শিক্ষার্থীরা সরাসরি শিল্পকারখানার পরিবেশ পর্যবেক্ষণের পাশাপাশি টেক্সটাইল উৎপাদনের বাস্তব চ্যালেঞ্জ, মান নিয়ন্ত্রণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা অর্জন করেন।
শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে সংযুক্ত করতে এ ধরনের শিল্প পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি, শিল্পভিত্তিক দক্ষতা বৃদ্ধি এবং টেক্সটাইল শিল্প সম্পর্কে বাস্তব ধারণা অর্জনে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকর।
ইউনিভার্সিটি অব স্কলার্সের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ শিক্ষার্থীদের শিল্পভিত্তিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে।
প্রতিবেদক:মো. আরিফ হোসাইনইউনিভার্সিটি অব স্কলার্স

