জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত নিটার প্রিমিয়ার লিগ ফুটবল–২০২৬ প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে দুর্দান্ত জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে এফসি কালা।সেমিফাইনাল–০১-এ এফসি কালার প্রতিপক্ষ ছিল ক্যাপা ইউনাইটেড। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। উভয় দলই বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি।

ফলে নির্ধারিত সময়ের খেলা শূন্য–শূন্য গোলে শেষ হয়।ম্যাচের ফলাফল নির্ধারণে অনুষ্ঠিত হয় পেনাল্টি শুটআউট। সেখানে এফসি কালা দুর্দান্ত আত্মবিশ্বাসের সঙ্গে চারটি পেনাল্টিই সফলভাবে সম্পন্ন করে।

অন্যদিকে ক্যাপা ইউনাইটেড পাঁচটি পেনাল্টির মধ্যে তিনটি সফল করতে সক্ষম হয়।এই জয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নেয় দলটি।সেমিফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য বারোতম ব্যাচের সাগর নির্বাচিত হন ম্যাচসেরা খেলোয়াড়।দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁর কার্যকর পারফরম্যান্স এবং মাঠে অবদানের জন্য তিনি এই স্বীকৃতি অর্জন করেন।সেমিফাইনালের বাধা পেরিয়ে এবার শিরোপা জয়ের লড়াইয়ে নামবে এফসি কালা। ফাইনালে তাদের প্রতিপক্ষ কাইজেন কিং।

দুই শক্তিশালী দলের মুখোমুখি লড়াইকে ঘিরে ইতোমধ্যেই নিটার ক্যাম্পাসে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও উত্তেজনা।নিটার প্রিমিয়ার লিগ ফুটবল–২০২৬-এর চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এবার মুখোমুখি হবে দুই ফাইনালিস্ট। কে উঠবে বিজয়ের মঞ্চে, আর কার হাতে উঠবে এবারের কাঙ্ক্ষিত শিরোপা , সেই উত্তরের অপেক্ষায় পুরো নিটার পরিবার।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com