দেশের টেক্সটাইল (বস্ত্র) খাতের শ্রমিকদের জন্য একটি ন্যায্য ও যুগোপযোগী নতুন নিম্নতম মজুরি কাঠামো তৈরির কাজ শুরু করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত থাকলেও, শ্রমিকদের স্বার্থে নির্ধারিত সময়ের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে চায় সংগঠনটি। এ বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নিম্নতম মজুরি বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
শনিবার (২৮ নভেম্বর) বিটিএমএর সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিটিএমএ যা বলেছে:
- সময়ের আগেই নতুন কাঠামো: টেক্সটাইল শ্রমিকদের জন্য সর্বশেষ ২০২৪ সালে নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছিল, যা ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকার কথা। তবে তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের পর, বস্ত্র খাতের শ্রমিকদের জন্যও দ্রুত নতুন কাঠামো তৈরি করা জরুরি বলে মনে করছে বিটিএমএ।
- রপ্তানি ও ক্রয়াদেশ নিয়ে উদ্বেগ: সাম্প্রতিক সময়ে মজুরি বৃদ্ধির দাবিতে কিছু কারখানায় শ্রমিকদের একটি ক্ষুদ্র অংশের মধ্যে অসন্তোষ ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টায় উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। তাদের দাবি, একটি স্বার্থান্বেষী মহলের উসকানিতে এসব ঘটছে। এই অস্থিরতার কারণে দেশের বিপুল পরিমাণ বস্ত্র ও পোশাকের ক্রয়াদেশ (অর্ডার) ইতোমধ্যে অন্য দেশে চলে গেছে, যা জাতীয় অর্থনীতি ও রপ্তানি আয়ের জন্য বড় হুমকি।
- উৎপাদন সচল রাখার আহ্বান: সরকার ও মালিকপক্ষ যেহেতু মজুরি বৃদ্ধির বিষয়ে ইতিবাচক ও সক্রিয় পদক্ষেপ নিয়েছে, তাই কারখানার উৎপাদন ব্যাহত না করার অনুরোধ জানিয়েছে বিটিএমএ। শ্রমিক, শ্রমিক সংগঠন ও সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরে কারখানার স্বাভাবিক কার্যক্রম চালু রাখার আহ্বান জানানো হয়েছে।
বিটিএমএ আরও উল্লেখ করেছে, বস্ত্র ও তৈরি পোশাক খাত একে অপরের পরিপূরক। তাই শিল্পের সক্ষমতা ও শ্রমিকদের জীবনযাত্রার মান বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত ও শ্রমিকবান্ধব মজুরি কাঠামো প্রণয়নে সবার সহযোগিতা প্রয়োজন।


