জ্বালানি সাশ্রয় ও পরিবেশবান্ধব কারখানা পরিচালনায় বিশেষ অবদানের জন্য ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফর এনার্জি সেভিংস ২০২৬’ পুরস্কার জিতেছে বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান হ্যামস গার্মেন্টস লিমিটেড। হ্যামস গ্রুপের এই অঙ্গপ্রতিষ্ঠানটিকে ‘রেনোভেটেড বিল্ডিং’ ক্যাটাগরিতে বিশ্বসেরার এই সম্মাননা দেওয়া হয়েছে।
গত ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার ঘোষণা করা হয়। আজ শনিবার (২৮ নভেম্বর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গাজীপুরে অবস্থিত হ্যামস গার্মেন্টস একটি ‘লিড প্লাটিনাম’ সনদপ্রাপ্ত সবুজ কারখানা। আন্তর্জাতিক মানদণ্ডের এই মূল্যায়নে ১১০ নম্বরের মধ্যে ১০৮ পয়েন্ট পেয়েছে কারখানাটি। আধুনিক জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তি, সৌরবিদ্যুতের ব্যবহার, দক্ষ ব্যবস্থাপনা এবং কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় কারখানাটি প্রায় ৭৫ শতাংশ জ্বালানি সাশ্রয় করতে পেরেছে। একই সঙ্গে কারখানার পরিচালন পর্যায়ে কার্বন নিঃসরণের মাত্রা কমেছে ৭৮ দশমিক ১ শতাংশ।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) তথ্যমতে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত এক বছরে কারখানাটি মোট ২ হাজার ৪২০ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ বা জ্বালানি সাশ্রয় করেছে। কপ-৩১ সম্মেলনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হ্যামস গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সফিকুর রহমানের হাতে এই সম্মাননা তুলে দেন ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিএস) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পিটার টেম্পলটন।
এই অর্জন প্রসঙ্গে হ্যামস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সফিকুর রহমান বলেন, “পরিবেশবান্ধব বা সবুজ কারখানা নির্মাণ কোনো বিলাসিতা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি অপরিহার্য বিনিয়োগ। সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি উৎপাদন খরচ কমানো এবং বিশ্ববাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করা সম্ভব।”
তিনি আরও যোগ করেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি কেবল একটি প্রতিষ্ঠানের সাফল্য নয়, বরং বাংলাদেশের পুরো বস্ত্র ও তৈরি পোশাক খাতের টেকসই উন্নয়নের সক্ষমতাকেই বিশ্বদরবারে তুলে ধরেছে।


