বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামছে কেপ ভার্দে। তবে ম্যাচটি বাংলাদেশের জন্যও বয়ে আনছে এক ভিন্ন মাত্রার গর্ব। কারণ, কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের গায়ে থাকবে ‘মেইড ইন বাংলাদেশ’ জার্সি।
বিশ্বকাপকে ঘিরে দুই দেশের বাণিজ্যে যুক্ত হয়েছে নতুন একটি পণ্য—ফুটবল জার্সি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ঢাকার উত্তরায় অবস্থিত গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেড চলতি বছরে কেপ ভার্দেতে ১২ হাজার ৫৭৩টি জার্সি, শার্ট ও জ্যাকেট রপ্তানি করেছে। এসব পণ্যের মোট রপ্তানিমূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। চালানভেদে প্রতিটি পণ্যের রপ্তানিমূল্য ছিল ৮ থেকে ১৬ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৮৭ থেকে ১ হাজার ৯৭৪ টাকা। গত মার্চ থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এসব চালান রপ্তানি শুরু হয়।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মুশতাক আহমেদ খান জানান, কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অফিশিয়াল কিট সরবরাহকারী যুক্তরাষ্ট্রভিত্তিক Capelli Sport-এর জন্যই বাংলাদেশে এসব জার্সি তৈরি করা হয়েছে।তিনি বলেন, “কেপ ভার্দের জাতীয় ফুটবল দলের অফিশিয়াল কিট সরবরাহকারী যুক্তরাষ্ট্রভিত্তিক ক্যাপেলি স্পোর্টস আমাদের ক্রেতাপ্রতিষ্ঠান। তারা এবার দেশটির ফুটবল দলের জন্য এই জার্সি নিয়েছে। বিশ্বকাপ শুরুর আগেই সব চালান ধাপে ধাপে রপ্তানি হয়েছে।”
বাংলাদেশে কেপ ভার্দের সমর্থক খুব বেশি না থাকলেও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে দেশটির জার্সিতে থাকবে বাংলাদেশের পোশাকশিল্পের ছোঁয়া। মাঠে কেপ ভার্দে ইতিহাস গড়ার লড়াইয়ে নামলেও, সেই জার্সির সঙ্গে জড়িয়ে থাকবে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের আরেকটি সফল রপ্তানির গল্প।


