EMMTEX SLN Textile Industry Advertisement Banner

বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স) ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে আইটিইটির ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন। সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ নির্ধারিত সময় বিকেল ৫টায় শেষ হয়। ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনার কার্যক্রম।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ২ হাজার ৬০০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬৯০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের প্রায় ৬৫ শতাংশ। ভোটগ্রহণের জন্য ক্যাম্পাসে মোট ৪টি বুথ স্থাপন করা হয়েছিল, যেখানে দিনব্যাপী সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

প্রধান নির্বাচন কমিশনার রাশেদা বেগম দ্বীনা বলেন, “সকলের সহযোগিতায় অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ভোট গণনার কাজ শুরু হচ্ছে। ফলাফল প্রস্তুত হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।”

এবারের নির্বাচনে প্রধান দুটি প্যানেল— ইউনাইটেড কাউন্সিল (ইউসি) এবং গো গ্রীন (জিজি)—প্রতিদ্বন্দ্বিতা করেছে। টেক্সটাইল খাতের উন্নয়ন, সদস্যসেবা বৃদ্ধি, তরুণ প্রকৌশলীদের দক্ষতা উন্নয়ন এবং সংগঠনের আধুনিকায়নের অঙ্গীকার নিয়ে ভোটারদের সামনে নিজেদের পরিকল্পনা তুলে ধরে উভয় প্যানেল।নির্বাচন উপলক্ষে দিনভর বুটেক্স ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত টেক্সটাইল প্রকৌশলী, সাবেক শিক্ষার্থী ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ক্যাম্পাস পরিণত হয় এক মিলনমেলায়।ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে এবং নবনির্বাচিত নেতৃত্ব আগামী মেয়াদে সংগঠনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব দেশের টেক্সটাইল শিল্প ও পেশাজীবীদের স্বার্থ রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালন করবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com