বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-তে বাফট ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব (বিসিডিসি) আয়োজিত ‘কর্পোরেট এক্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতাটির মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, শিল্পখাত-সম্পর্কিত জ্ঞান, বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের দক্ষতা যাচাইয়ের পাশাপাশি দলবদ্ধভাবে কাজ করার সক্ষমতা বিকাশের সুযোগ তৈরি হয়।

বিভিন্ন ধাপ ও রাউন্ডের সমন্বয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রতিভাবান ও আগ্রহী দলগুলো অংশগ্রহণ করে। প্রতিযোগিতার প্রতিটি পর্বে অংশগ্রহণকারীদের জ্ঞান, সৃজনশীল চিন্তাভাবনা এবং বাস্তবভিত্তিক সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের সুযোগ দেওয়া হয়। প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের জন্য শিক্ষা, দলবদ্ধতা, সৃজনশীলতা ও নতুন অভিজ্ঞতা অর্জনের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটির উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের (সিডিসি) পরিচালক ড. মো. সানওয়ার জাহান ভূঁইয়া, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, বিসিডিসির উপদেষ্টা মো. আব্দুল মুকিত এবং সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ রাজা মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিজবস ডটকমের সিইও ও সহ-প্রতিষ্ঠাতা এ কে এম ফাহিম মাশরুর। তিনি “বাংলাদেশে কর্মসংস্থানের পরিবর্তিত রূপ” শীর্ষক একটি বিশেষ অধিবেশনে বক্তব্য দেন। তাঁর বক্তব্যে দেশের কর্মসংস্থান খাতের পরিবর্তন, কর্মজগতের নতুন ধারা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে প্রতিযোগিতার বিজয়ী, ফাইনালিস্ট ও সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে ‘কর্পোরেট এক্স ২০২৬’ সফলভাবে আয়োজনের পেছনে কাজ করা আয়োজক, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়।

আয়োজকদের মতে, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় সৃজনশীলতা, নেতৃত্ব, যোগাযোগ, দলগত কাজ ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com