টেক্সটাইল ও পোশাক শিল্প বিষয়ক দেশের অন্যতম শীর্ষ সংবাদপত্র ‘টেক্সটাইল ফোকাস’-এর ১০ বছর পূর্তি এবং ‘সাস্টেইনেবল বিজনেস কানেক্ট’ (এসবিসি)-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার রেডিসন ব্লু হোটেলে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএ-র মুখপাত্র আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ পরিচালক শাহ রায়ীদ চৌধুরী ও নাফিস-উদ-দৌলা।

এ ছাড়া বিপিএএমইএ সভাপতি মো. শাহরিয়ার, বায়লার সভাপতি আবরার হোসেন সায়েম, বিজিবিএ সভাপতি মো. আবদুল হামিদ এবং আইটিইটি সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেনসহ শিল্পের শীর্ষ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, “টেক্সটাইল ফোকাসের ১০ বছরের সফল পথচলাকে আমি সাধুবাদ জানাই। নতুন প্ল্যাটফর্ম ‘সাস্টেইনেবল বিজনেস কানেক্ট’ দেশের তৈরি পোশাক খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম টেক্সটাইল ফোকাস পরিবারকে শুভেচ্ছা জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, এসবিসি দেশের শিল্পখাতে পরিবেশবান্ধব ও টেকসই ব্যবসায়িক পরিবেশ তৈরিতে কার্যকর অবদান রাখবে।

অনুষ্ঠানে টেক্সটাইল ফোকাসের সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম (রিয়াদ) গত এক দশকের যাত্রার ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন। তিনি বলেন, টেক্সটাইল ফোকাস বিশ্ব দরবারে বাংলাদেশের পোশাক খাতের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে এবং দেশের ব্র্যান্ডিং তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নতুন প্ল্যাটফর্ম সম্পর্কে সাস্টেইনেবল বিজনেস কানেক্টের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী মো. হুমায়ুন কবীর বলেন, “প্রযুক্তি, অর্থায়ন ও নতুন ভাবনাকে কাজে লাগিয়ে দেশের টেক্সটাইল ও পোশাক খাতকে আরও প্রতিযোগিতামূলক ও শক্তিশালী করতেই আমাদের এই উদ্যোগ।”

উদ্বোধনী অনুষ্ঠানে পোশাক খাতের শীর্ষ নেতা, কারখানার মালিক, আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতিনিধি, গবেষক ও প্রায় ৫০০ জন শিল্প সংশ্লিষ্ট প্রতিনিধি অংশ নেন। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ আলোকচিত্র গ্রহণ ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com