EMMTEX SLN Textile Industry Advertisement Banner

দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও টেকসই করে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিজিএমইএ-এর সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, শিল্পের ভবিষ্যৎ নির্ভর করছে আজকের তরুণ শিক্ষার্থীদের দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বের ওপর।

টেক্সটাইল ইয়ুথ কার্নিভাল ২.৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্প এখন শুধু উৎপাদনে নয়, উদ্ভাবন, প্রযুক্তি এবং টেকসই উন্নয়নের দিক থেকেও এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে তরুণদের প্রস্তুত হতে হবে বিশ্বমানের দক্ষতা নিয়ে।”

তিনি আরও বলেন,“শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; বাস্তব শিল্প সম্পর্কে ধারণা, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা, প্রযুক্তির ব্যবহার এবং নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। শিল্প এখন এমন জনশক্তি চায়, যারা পরিবর্তনের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারে।”

মাহমুদ হাসান খান জানান, বিজিএমইএ শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আরও শক্তিশালী সংযোগ গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য শিল্পভিত্তিক প্রশিক্ষণ, মেন্টরশিপ কর্মসূচি, ক্যারিয়ার কাউন্সেলিং, শিল্প পরিদর্শন, দক্ষতা উন্নয়ন কর্মশালা এবং উদ্ভাবনী গবেষণায় সহযোগিতা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন,“আগামী দিনের টেক্সটাইল শিল্প হবে প্রযুক্তিনির্ভর, টেকসই এবং উদ্ভাবনকেন্দ্রিক। তাই শিক্ষার্থীদের এখন থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় প্রযুক্তি, টেকসই উৎপাদন এবং বৈশ্বিক বাজারের চাহিদা সম্পর্কে নিজেদের প্রস্তুত করতে হবে।”তিনি আরও বলেন,“

টেক্সটাইল ইয়ুথ কার্নিভালের মতো আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়, শিল্প সম্পর্কে বাস্তব ধারণা দেয় এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ দেশের টেক্সটাইল খাতকে আরও সমৃদ্ধ করবে।”

অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং তরুণ উদ্ভাবকেরা অংশগ্রহণ করেন। জ্ঞান বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং শিল্প-শিক্ষার সেতুবন্ধন তৈরির লক্ষ্য নিয়ে আয়োজিত টেক্সটাইল ইয়ুথ কার্নিভাল ২.৬ অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া সৃষ্টি করে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com