বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (BUTEX) অধিভুক্ত নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (লেভেল–১, টার্ম–১) ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ তাঁত বোর্ড পরিচালিত এ কলেজে আগামী ৫ জুলাই ২০২৬ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত।
এবার দুটি বিভাগে মোট ৮০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি আসন রয়েছে।ভর্তির জন্য আবেদনকারীকে এসএসসি/দাখিল বা সমমান পরীক্ষায় ৫.০০ স্কেলে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন জুট টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং কোর্সে ৪.০০ স্কেলে কমপক্ষে সিজিপিএ ২.৭৫ অর্জন করতে হবে। এছাড়া ২০২৩ সাল বা পরবর্তী বছরে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও সেক্টর করপোরেশনে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য হবে না। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ আগস্ট ২০২৬, সকাল ১১টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে। একই দিন ফলাফল প্রকাশ করা হবে।
ভর্তি পরীক্ষা হবে ২০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে। মোট ১০০টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান ২ নম্বর। পরীক্ষার সময় ১ ঘণ্টা ২০ মিনিট। প্রশ্নপত্রে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, ওয়েট প্রসেসিং এবং গার্মেন্টস অ্যান্ড ক্লথিং টেকনোলজি বিষয়ে মোট ১২০ নম্বর এবং গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি বিষয়ে মোট ৮০ নম্বরের প্রশ্ন থাকবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও বাংলাদেশ তাঁত বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।


