নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে তৈরি পোশাক কারখানার কর্মকর্তা সাখাওয়াত হোসেন শুভ্র হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আদালতে পাঁচ আসামি উপস্থিত থাকলেও অপর দুজন পলাতক রয়েছেন।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—বাবুল সাহা জীবন (৪২), নাজমুল ইসলাম (৩৭), সঞ্জয় দাস (৩৯), মিলন (৪১), বশির (৪০), সমীর চন্দ্র মন্ডল (৩৯) ও কাউছার (৪৩)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৫ আগস্ট মাসদাইর এলাকার একটি বহুতল ভবনে বন্ধুদের সঙ্গে মাদক সেবনের একপর্যায়ে শুভ্রকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। পরে ঘটনাটি দুর্ঘটনা হিসেবে চালিয়ে দিতে নিহতের লাশ ভবন থেকে নিচে ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ফতুল্লা থানায় সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির জানান, দীর্ঘ আইনি প্রক্রিয়া ও মোট ২৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com