EMMTEX SLN Textile Industry Advertisement Banner

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবার পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন করে পোশাকের রঙ নির্ধারণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য চিঠি পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইউনিফর্মে যে পরিবর্তন আনা হয়েছিল, তা মাঠ পর্যায়ে প্রত্যাশিত সাড়া পায়নি। এ কারণে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ কর্মকর্তাদের পক্ষ থেকেই পোশাক পরিবর্তনের বিষয়টি পুনর্বিবেচনার প্রস্তাব ওঠে।

নতুন প্রস্তাব অনুযায়ী, মেট্রোপলিটন পুলিশের শার্টের রঙ রাখা হয়েছে লাইট অলিভ (টিসি প্লেইন ফেব্রিক)। অন্যদিকে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ছাড়া বাকি ইউনিটগুলোর জন্য শার্টের রঙ নির্ধারণ করা হয়েছে ডিপ ব্লু। সব ক্ষেত্রেই প্যান্টের রঙ থাকবে টিসি টুইল খাকি।

এই পরিবর্তন কার্যকর করতে পুলিশ ড্রেস রুলস ২০২৫ -এর সংশোধন প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে অনুমোদন চেয়ে গত ১৫ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়। পুলিশ মহাপরিদর্শকের পক্ষে এতে স্বাক্ষর করেন পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান।

চিঠিতে বলা হয়েছে, পূর্বে নির্ধারিত ইউনিফর্ম—যেখানে শার্ট ছিল ডিপ গ্রে এবং প্যান্ট ডার্ক ব্লু—পরিবর্তন করে নতুন রঙ চালুর পর মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ পরিস্থিতিতে বিভিন্ন নমুনা ও রঙ পর্যালোচনা করে ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন প্রস্তাব চূড়ান্ত করেন।

সম্প্রতি পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে বাহিনীর ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা তৈরি হয়। সেই প্রেক্ষাপটেই নতুন রঙ নির্ধারণ করে প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com