গাজীপুরের শ্রীপুরে একটি তৈরি পোশাক কারখানায় দুই দিনে ১৪৭ জন শ্রমিকের হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনায় ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলার টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড’ নামের ওই কারখানায় এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রহমান। তিনি জানান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞাকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সরেজমিনে তদন্ত শেষ করে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কারখানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে কালার অ্যান্ড কোং কারখানার শ্রমিকেরা কাজ করার সময় হঠাৎ অসুস্থ হতে শুরু করেন। প্রথম দিনে ৭৭ জন শ্রমিক অসুস্থ হয়ে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে চিকিৎসা নেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে সবাই বাড়ি ফিরে যান। তবে পরদিন বুধবার সকালে আবারও কাজে যোগ দেওয়ার পর একইভাবে আরও ৭৭ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। দুই দিনে সব মিলিয়ে ১৪৭ জন শ্রমিক চিকিৎসকের শরণাপন্ন হন।

এই বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ‘মাস হিস্টিরিয়া’ বা গণ-মনস্তাত্ত্বিক অসুস্থতা হতে পারে। কারণ, একের পর এক শ্রমিক অসুস্থ হলেও সাধারণ চিকিৎসাতেই তারা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। এই পরিস্থিতি মোকাবিলায় শ্রমিকদের মানসিক কাউন্সেলিং করা এবং কারখানার ভেতরে সাময়িকভাবে তাদের কাজের জায়গা পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com