EMMTEX SLN Textile Industry Advertisement Banner

ঈদের টানা ছুটি শেষ করে সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে আবারও শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে দলে দলে শ্রমিকরা কর্মস্থলে ফিরতে শুরু করলে পুরো শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য ফিরে আসে।

সাভারে অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড)–এর নতুন ও পুরোনো জোনের শতাধিক কারখানায় সকাল থেকেই শ্রমিকদের উপস্থিতি দেখা যায়। এসব কারখানায় প্রায় ৮০ থেকে ৯০ হাজার শ্রমিক একসঙ্গে কাজে যোগ দিয়ে উৎপাদন কার্যক্রম চালু করেন।

শ্রমিকরা জানান, ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে তারা নিরাপদে বাড়ি থেকে ফিরে এসেছেন এবং নির্ধারিত সময় অনুযায়ী কাজে যোগ দিচ্ছেন।

কারখানা কর্তৃপক্ষও জানিয়েছে, ছুটির পর প্রথম দিনেই শ্রমিক উপস্থিতি সন্তোষজনক। তাদের আশা, আগামী এক থেকে দুই দিনের মধ্যে প্রায় সব শ্রমিক কাজে যোগ দিলে উৎপাদন কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠবে।

সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলে ডিইপিজেডসহ এক হাজারের বেশি কারখানায় সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ১০ থেকে ১৫ লাখ শ্রমিক তৈরি পোশাক শিল্পের সঙ্গে যুক্ত। ঈদের ছুটি শেষে শ্রমিকদের কর্মস্থলে ফিরে আসায় শিল্পাঞ্চলে আবারও ব্যস্ততা বাড়তে শুরু করেছে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com