নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে “টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন ১০” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন Sameet Dye Chemical Ltd.-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইকবাল রিজভী। তারা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতার প্রশংসা করে ভবিষ্যতে আরও ভালো করার আহ্বান জানান।
এই আয়োজন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জি. এম. ফয়সাল। তিনি সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনার মাধ্যমে অনুষ্ঠানটি সফল করতে সহায়তা করেন।
আয়োজকরা জানান, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও আত্মবিশ্বাস বাড়াতে কার্যকর ভূমিকা রাখে। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে তারা ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, পুরো আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে NUB Film and Photography Club।
প্রতিবেদক: মো. এহছানুল আজম মুন
নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ

