বাংলা নববর্ষকে ঘিরে নোয়াখালীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (টিইসিএন)-এ অনুষ্ঠিত হয়েছে ‘নববর্ষীয় বিতর্ক উৎসব’। পহেলা বৈশাখ (১৪৩৩ বঙ্গাব্দ) দুপুর ১২টা ৩০ মিনিটে কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে টিইসিএন ডিবেটিং সোসাইটির উদ্যোগে এ আয়োজন শুরু হয়।
উৎসবে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিতর্কের নির্ধারিত বিষয় ছিল— “এই সংসদ বিশ্বাস করে, পান্তা-ইলিশ ছাড়া নববর্ষ উদযাপন অবৈধ ঘোষণা করা উচিত।” এতে সরকারি দল হিসেবে অংশ নেয় ‘পান্তা-ইলিশ যুক্তি সংঘ’ এবং বিরোধী দলে ছিল ‘বৈশাখী তুফান’।
দুই দলই যুক্তিপূর্ণ বক্তব্য, উপস্থাপনা দক্ষতা এবং রসবোধের সমন্বয়ে প্রাণবন্ত বিতর্ক উপস্থাপন করে। আলোচনায় উঠে আসে প্রাচীন বাংলার ঐতিহ্য, মোগল আমলের সাংস্কৃতিক প্রভাব এবং বর্তমান সমাজের নানা দিক। রম্যধর্মী এ বিতর্ক দর্শকদের মাঝে বিনোদনের পাশাপাশি চিন্তার খোরাক জোগায়।
প্রতিযোগিতায় সেরা বিতার্কিক নির্বাচিত হন ১৭তম ব্যাচের শিক্ষার্থী মোকারম। তার সাবলীল উপস্থাপনা, তথ্যভিত্তিক যুক্তি ও উপস্থিত বুদ্ধিমত্তা বিচারকদের মুগ্ধ করে।
টিইসিএন ডিবেটিং সোসাইটির সভাপতি আল আরাফাত মাহমুদ রাফি বলেন, বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ায় এবং সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করে।
আয়োজকদের মতে, এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বাঙালি সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি যুক্তিবাদী চিন্তা ও বুদ্ধিবৃত্তিক চর্চাকে আরও গতিশীল করবে।

