বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম জানিয়েছেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী দেশের বন্ধ হয়ে থাকা শিল্পকারখানাগুলো পুনরায় চালু করার লক্ষ্যে কাজ চলছে জোর গতিতে। বিশেষ করে দীর্ঘদিন ধরে অচল থাকা টেক্সটাইল ও পাটকলগুলো পুনরুজ্জীবিত করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সক্রিয় উদ্যোগ নিয়েছে।
মঙ্গলবার দিনাজপুর ও নীলফামারীতে কয়েকটি টেক্সটাইল মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বন্ধ জুট ও টেক্সটাইল মিলগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল চালুর জন্য ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে এবং সম্ভাবনাময় বিনিয়োগকারীদের আগ্রহও দেখা যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই মিলটি উৎপাদনে ফিরতে পারে, যা স্থানীয় কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি দিনাজপুরের টেক্সটাইল মিলও দ্রুত চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, দেশের ‘সোনালি আঁশ’ খ্যাত পাটশিল্পকে পুনরুজ্জীবিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাটচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি প্লাস্টিক পণ্যের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে জনসচেতনতা সৃষ্টির কার্যক্রমও চালানো হচ্ছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, যুগ্মসচিব জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফয়জুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের (বিটিএমসি) পরিচালক এইচ এম নুরুল ইসলাম ও মুখ্য পরিচালন কর্মকর্তা কাজী ফিরোজ হোসেনও উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় অবস্থিত ‘ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড’ নামের একটি হস্ত ও কুটির শিল্প প্রতিষ্ঠান ঘুরে দেখেন।

