চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রক সংগীতে শ্রোতাদের মাতিয়ে রাখা ব্যান্ড ওয়ারফেজ। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা সেই সংগীতের স্মৃতি ও ভালোবাসা এবার জায়গা করে নিয়েছে ফ্যাশনে। দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ ওয়ারফেজের সঙ্গে যৌথভাবে এনেছে সীমিত সংস্করণের বিশেষ পোশাক সংগ্রহ—‘ব্লুচিজ কোলাবোরেশনে ওয়ারফেজ লিমিটেড এডিশন কালেকশন’।
রাজধানীর বনানীতে ব্লুচিজের ফ্ল্যাগশিপ আউটলেটে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ওয়ারফেজের সদস্যদের উপস্থিতি অতিথিদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি করে। উদ্বোধন উপলক্ষে ব্লুচিজের সব পণ্যে ক্রেতাদের জন্য ২০ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়।
পুরোনো বন্ধুত্বের নতুন পথচলাএই যৌথ উদ্যোগের পেছনে রয়েছে দীর্ঘদিনের বন্ধুত্বের গল্প। ওয়ারফেজের প্রতিষ্ঠাতা সদস্য শেখ মনিরুল আলম টিপু এবং ব্লুচিজের প্রতিষ্ঠাতা ড. মো. কামরুজ্জামান একসময় নটর ডেম কলেজের সহপাঠী ছিলেন। কলেজজীবনে ক্লাস শেষে সিঙাড়া-পুরি খাওয়ার টাকা জোগাড়ের দিনগুলো পেরিয়ে আজ তাঁরা এক হয়েছেন সংগীত ও ফ্যাশনের মেলবন্ধনে।
শেখ মনিরুল আলম টিপু জানান, পোশাক ও টেক্সটাইলের মান নিয়ে ব্লুচিজের উদ্যোক্তার অভিজ্ঞতা এবং কাজের প্রতি নিষ্ঠা তাঁকে মুগ্ধ করেছে। পাশাপাশি তাঁর মেয়ে সিমিন জামানেরও এ বিষয়ে ভালো দক্ষতা রয়েছে। পণ্যের গুণগত মানে কোনো আপস না করার বিষয়টি টিপুর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। অন্যদিকে, ওয়ারফেজের সংগীতের প্রতি ব্লুচিজের ভালোবাসা এবং ব্যান্ডটির একুশে পদক প্রাপ্তির মতো অর্জন তাঁদের নতুন করে কাছে নিয়ে আসে।
ড. মো. কামরুজ্জামানের কাছে এই কাজ কেবল ব্যবসা নয়, পুরোনো বন্ধুর সঙ্গে আবেগের জায়গা থেকে কিছু করার সুযোগ। তিনি বলেন, কিশোর থেকে শুরু করে ষাটোর্ধ্ব—সব বয়সের মানুষের কাছেই ওয়ারফেজ সমান জনপ্রিয়। নতুন প্রজন্মের তরুণদের মাঝেও ব্যান্ডটির আলাদা কদর রয়েছে। এত বড় ও বৈচিত্র্যময় শ্রোতাগোষ্ঠীর কথা ভেবে পোশাকের নকশা করা ছিল তাঁদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
দেশীয় ফ্যাশনকে বিশ্বদরবারে তুলে ধরার স্বপ্নবাংলাদেশের ফ্যাশনশিল্পকে আন্তর্জাতিক বাজারে আরও পরিচিত করার লক্ষ্য নিয়েও কথা বলেন ড. মো. কামরুজ্জামান। তিনি উল্লেখ করেন, দেশ থেকে প্রতিবছর প্রায় ৪০ থেকে ৪৫ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয় এবং বিশ্বের বহু নামী ব্র্যান্ডের পোশাক এখানে তৈরি হয়। তবুও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডের পরিচিতি এখনও তুলনামূলকভাবে কম।
তাঁর প্রত্যাশা, বিশ্ব যেন বাংলাদেশকে শুধু পোশাক তৈরির কারখানা হিসেবে না দেখে, বরং নিজস্ব নকশা ও পূর্ণাঙ্গ সংগ্রহ তৈরির সক্ষমতা থাকা দেশ হিসেবেও চেনে। ওয়ারফেজের মতো চার দশকের ঐতিহ্যবাহী ব্যান্ডের সাথে এই কাজ দেশীয় ফ্যাশনকে আরও এগিয়ে নেওয়ার একটি ভালো সুযোগ বলে মনে করেন তিনি।
সংগীতের ভালোবাসা দৈনন্দিন পোশাকেওয়ারফেজের সদস্য টিপু মনে করেন, দীর্ঘ পথচলায় ওয়ারফেজ নিজেই এখন একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। তরুণ ভক্ত থেকে শুরু করে প্রতিষ্ঠিত পেশাজীবী—অনেকেই প্রিয় ব্যান্ডের স্মৃতি হিসেবে এই সংগ্রহের পোশাক বেছে নেবেন বলে তাঁর বিশ্বাস। দেশের অন্য কোনো ব্যান্ডকে নিয়ে এমন বিশেষ পোশাক সংগ্রহ আগে হয়েছে কি না, তা নিশ্চিত না হলেও এই উদ্যোগে তিনি আনন্দিত ও গর্বিত।
আলোচনায় ব্যক্তিত্ব গঠনে পোশাকের ভূমিকার কথাও তুলে ধরেন ড. মো. কামরুজ্জামান। অফিস, সভা, অনুষ্ঠান বা ভ্রমণ—যেকোনো জায়গায় মানুষের পোশাক ও উপস্থাপনা প্রথম পরিচয়ে বড় প্রভাব ফেলে। মানুষের রুচি ও পোশাকের মাধ্যমে দেশের ফ্যাশন সচেতনতা আন্তর্জাতিক অঙ্গনে আরও স্পষ্ট হয়ে উঠবে বলে আশাবাদী তিনি।
সব মিলিয়ে, ওয়ারফেজের সংগীত ঐতিহ্য ও ব্লুচিজের ফ্যাশন ভাবনার এই উদ্যোগ পুরোনো বন্ধুত্ব, প্রজন্মের ভালোবাসা ও দেশীয় ব্র্যান্ডের এগিয়ে যাওয়ার গল্পকেই তুলে ধরে। সংগ্রহটি বর্তমানে ব্লুচিজের আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।


