পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রস্তাবনাকে ‘একপাক্ষিক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)।
সংগঠনটির দাবি, সিপিডির এই প্রস্তাবনা মালিকপক্ষের স্বার্থ রক্ষা করেছে এবং সাধারণ শ্রমিকদের চরমভাবে হতাশ করেছে।বুধবার (১৮ নভেম্বর) জি-স্কপের যুগ্ম সমন্বয়ক বাচ্চু মিয়া ও আসাদুজ্জামান চৌধুরী গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে শ্রমিক নেতারা বলেন, সিপিডি বিভিন্ন সময় শ্রমিকদের মানবিক জীবনযাপনের পক্ষে কথা বললেও মজুরি নির্ধারণের ক্ষেত্রে তারা প্রচলিত মালিকতোষণ নীতির বাইরে বের হতে পারেনি।
২০২৩ সালের নির্ধারিত মজুরিকে বর্তমান মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে সিপিডি ১৬ হাজার ৩৫১ টাকা বলে উল্লেখ করেছে। কিন্তু বিগত সময়ের মজুরি কাঠামোতে শ্রমিকদের দারিদ্র্যসীমার ওপরে ওঠার অধিকার যে উপেক্ষিত ছিল, সে বিষয়টি সিপিডি এড়িয়ে গেছে।
বিবিএসের পরিসংখ্যান ব্যবহারের সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, সিপিডি নিজেই অতীতে বিভিন্ন গবেষণায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য ও পদ্ধতির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। অথচ এখন বিবিএসের জরিপের ওপর ভিত্তি করেই ১৮ হাজার ৫৭৮ টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে।
বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, দারিদ্র্যসীমা অতিক্রম করতে মাথাপিছু দৈনিক ন্যূনতম ৩ ডলার বা চারজনের পরিবারের জন্য দৈনিক ১২ ডলার আয় প্রয়োজন। অন্যান্য গবেষণায় সিপিডি বিশ্বব্যাংকের তথ্যকে অগ্রাধিকার দিলেও শ্রমিকদের মজুরির ক্ষেত্রে বিবিএসের ত্রুটিপূর্ণ পরিসংখ্যান ব্যবহার করায় শ্রমিকরা বিস্মিত হয়েছেন।
‘লিভিং ওয়েজ’ বা জীবনযাপন উপযোগী মজুরির হিসাব নিয়েও প্রশ্ন তুলেছে জি-স্কপ। নেতৃবৃন্দ জানান, সিপিডি লিভিং ওয়েজের যে হিসাব দিয়েছে, তা মজুরি বোর্ডে দেওয়া শ্রমিক পক্ষের প্রস্তাবনার মাত্র তিন-চতুর্থাংশ। এতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৮) অর্জন এবং শ্রমিকদের মানবিক অধিকারের বিষয়ে সিপিডির অবস্থান প্রশ্নবিদ্ধ হয়েছে।


