রপ্তানি বাজার সম্প্রসারণ ও আন্তর্জাতিক ক্রেতাদের আকৃষ্ট করতে রাজধানীর পূর্বাচলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এক্সপো ২০২৬’। বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এই প্রদর্শনী প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো এই মেলার আয়োজন করা হচ্ছে। শনিবার (গতকাল) ইপিবির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রদর্শনীতে দেশের ১৬১টি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশের ক্রেতা ও সোর্সিং প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে যোগ দেবেন।
ইপিবির ভাইস চেয়ারম্যান জানান, এবারের আসরে নতুন করে চারটি খাত যুক্ত করা হয়েছে। খাতগুলো হলো— অটোমোবাইল ও বাইসাইকেল, পেপার ও প্যাকেজিং, সিরামিকস ও টেবিলওয়্যার এবং হালকা প্রকৌশল।
এ ছাড়া তৈরি পোশাক ও টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য ও হস্তশিল্প, কৃষি ও কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, ফার্নিচার ও হোম ডেকর, ফার্মাসিউটিক্যাল এবং আইসিটিসহ মোট ১২টি খাতের প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, এই প্রদর্শনীর মাধ্যমে দেশীয় পণ্যের নতুন বাজার তৈরি, আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্ব এবং দীর্ঘমেয়াদি রপ্তানি চুক্তির নতুন দ্বার উন্মোচিত হবে।


