বস্ত্র ও পোশাকশিল্পে উৎপাদন, প্রযুক্তি, পণ্য উন্নয়ন ও পরিবেশবান্ধব উদ্ভাবনে অবদান রাখায় ১৮টি প্রতিষ্ঠানকে ‘টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।
টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জ (টিআইই) ও ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি) যৌথভাবে এ আয়োজন করে। সহযোগিতায় ছিল বিকেএমইএ এবং বিজিবিএ।
সাতটি বিভাগে মূল্যায়নে ৮০-এর বেশি নম্বর পেয়ে ৯টি প্রতিষ্ঠান ‘প্লাটিনাম’ এবং ৭০ থেকে ৮০ নম্বর পেয়ে ৯টি প্রতিষ্ঠান ‘ডায়মন্ড’ পুরস্কার জিতেছে।উৎপাদন উদ্ভাবন বিভাগে প্লাটিনাম পুরস্কার পেয়েছে ডিবিএল গ্রুপ এবং ডায়মন্ড পুরস্কার পেয়েছে আর্গন ডেনিম, মডার্ন সিন্টেক্স ও করতোয়া গ্রিন স্পিনিং মিলস। প্রক্রিয়াগত উদ্ভাবনে প্লাটিনাম জিতেছে হ্যামস গার্মেন্টস, প্যারাডাইস ওয়াশিং প্ল্যান্ট ও নাজ বাংলাদেশ; এ বিভাগে ডায়মন্ড পেয়েছে এসেনশিয়াল ক্লথিং ও আরিয়ান নিট কম্পোজিট।
প্রযুক্তিগত উদ্ভাবন বিভাগে পণ্য শনাক্তকরণ ব্যবস্থায় (ট্রেসেবিলিটি) উদ্ভাবনের জন্য প্লাটিনাম পেয়েছে মন্ট্রিমস লিমিটেড। পণ্য উন্নয়ন বিভাগে প্লাটিনাম পেয়েছে সালমা গ্রুপ এবং ডায়মন্ড জিতেছে হুরাইন এইচটিএফ, আমানত শাহ ফেব্রিকস, ড্রাগন সোয়েটার বাংলাদেশ ও এম. রহমান কুইল্টিং অ্যান্ড প্যাডিং।
এ ছাড়া পরিবেশগত টেকসই উন্নয়নে প্লাটিনাম পেয়েছে পলমল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও এনভয় টেক্সটাইল এবং মানবসম্পদ ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে প্লাটিনাম জিতেছে মাসকো গ্রুপ।
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী আইয়ুব নবী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলী, বুটেক্স উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মো. জুলহাস উদ্দিন ও বিকেএমইএর সহসভাপতি প্রকৌশলী মো. শামসুজ্জামান।
আয়োজকরা জানান, কারখানা পর্যায়ের সফল উদ্ভাবনগুলো অন্যদের সামনে তুলে ধরে উৎপাদনশীলতা বাড়ানো এবং পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলাই এ পুরস্কারের লক্ষ্য।


