শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বহিরাগত ব্যক্তিদের তৎপরতা ঠেকাতে গাজীপুরের কালিয়াকৈরে বাড়ি ও ফ্ল্যাটের মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন। ভাড়াটেদের বাসায় পরিবারের সদস্যদের বাইরে কোনো বহিরাগত ব্যক্তি কিংবা অপরাধ চক্রের সদস্য অবস্থান করলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

সোমবার (২ নভেম্বর) কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন কালিয়াকৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাড়ি বা ফ্ল্যাটের ভাড়াটেরা নিজ পরিবারের সদস্যদের বাইরে অন্য কোনো বহিরাগত ব্যক্তিকে আশ্রয় দিয়ে থাকলে অথবা কোনো বহিরাগত অপরাধ চক্রের সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করলে দ্রুত কালিয়াকৈর থানা কিংবা উপজেলা প্রশাসনকে অবহিত করতে হবে। এ বিষয়ে বাড়ির মালিকদের বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এ ধরনের কোনো তথ্য প্রশাসনকে না জানানো হলে এবং এর ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায় সংশ্লিষ্ট বাড়ির মালিকদের ওপর বর্তাবে। গণবিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতি জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com