পোশাক শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রোববার (১ নভেম্বর) থেকে এ সংক্রান্ত কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে নিশ্চিত করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্যের কথা জানান।

বৈঠক প্রসঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বলেন, শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে অত্যন্ত সফল ও ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়েছে। তাদের বক্তব্যের ভিত্তিতে সরকারের নির্দিষ্ট কিছু পদক্ষেপ নেওয়ার জায়গা রয়েছে। যৌথ আলোচনার মাধ্যমে ধাপে ধাপে শ্রমিকদের সকল যৌক্তিক ও ন্যায্য দাবি পূরণ করা হবে।

শিল্প খাতের সুরক্ষার ওপর জোর দিয়ে মন্ত্রী আরও বলেন, কারখানার উৎপাদনশীলতা ও স্থায়িত্ব রক্ষা করার পাশাপাশি শ্রমিকের প্রাপ্য অধিকার নিশ্চিত করা জরুরি। সরকারের লক্ষ্য হচ্ছে শিল্প খাতকে বাঁচিয়ে রেখে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন করা। রোববারের এই উদ্যোগের মাধ্যমে শ্রমিকদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত দাবি বাস্তবায়নের পথ সুগম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনের আগে শ্রম মন্ত্রীর সঙ্গে তৈরি পোশাক খাতের বিভিন্ন স্তরের শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com