পোল্যান্ডের বিখ্যাত ফ্যাশন রিটেইলার প্রতিষ্ঠান ‘এলপিপি’ বাংলাদেশে তাদের তৈরি পোশাক ক্রয়ের পরিধি আরও বড় করেছে। বিগত এক দশকে বাংলাদেশে প্রতিষ্ঠানটির ম্যানুফ্যাকচারিং পার্টনারের সংখ্যা ১০০ থেকে বেড়ে বর্তমানে ৩৫০ ছাড়িয়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এলপিপি জানায়, বর্তমানে তারা বাংলাদেশী পোশাক প্রস্তুতকারকদের সঙ্গে বার্ষিক প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি পরিচালনা করছে।

বর্তমানে বিশ্ববাজারে এলপিপির দ্রুত প্রসারের সাথে সাথে দেশীয় সরবরাহকারীদেরও বড় ধরণের ইতিবাচক বিকাশ ঘটেছে। এই ৩৫০টিরও বেশি তৈরি পোশাক কারখানার মধ্যে প্রায় ৩০ শতাংশ প্রতিষ্ঠানের প্রধান বা মূল ক্রেতা হিসেবে কাজ করছে এলপিপি। বর্তমানে বাংলাদেশের পোশাক খাতে শীর্ষ তৈরি পোশাক ক্রেতাদের তালিকায় অষ্টম স্থানে রয়েছে পোলিশ এই ফ্যাশন জায়ান্টটি।

এলপিপির পারচেজিং ডিরেক্টর জোয়ানা সিকোরস্কা বলেন, “আন্তর্জাতিক বাজারে এলপিপির অর্ডারের আকার ও বৈচিত্র্য বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশের স্থানীয় সরবরাহকারীরাও নতুন প্রযুক্তি, শ্রমিকের দক্ষতা ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগ করেছে। ছোট ছোট যেসব কারখানা দিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, সময়ের সাথে সাথে সেগুলো হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরিকারী আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে।”

তিনি আরও জানান, বছরের পর বছর ধরে গড়ে ওঠা এই পারস্পরিক আস্থা ও সুনামের ওপর ভিত্তি করেই দীর্ঘমেয়াদি কৌশলগত ব্যবসায়িক সম্পর্ক তৈরি হয়েছে। বাংলাদেশের এই উন্নয়নমূলক অগ্রযাত্রায় অংশীদার হতে পেরে তারা গর্বিত।

উল্লেখ্য, বিশ্বের ৪৭টি দেশে ৪ হাজারেরও বেশি শোরুম বা আউটলেটের মাধ্যমে ফ্যাশন পণ্য বিক্রি করছে এলপিপি। আগামী দিনগুলোতে বাংলাদেশ ও পোল্যান্ডের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখতে এই দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com