শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে রাজধানীর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘দ্য ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬’। এতে ফ্যাশন শো, র্যাম্প ওয়াক, ফ্যাশন মুডবোর্ড উপস্থাপনা এবং অ্যাপারেল, মার্চেন্ডাইজিং ও টেক্সটাইলবিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের আইএসইউ মার্চেন্ডাইজিং ক্লাব এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক এইচ. টি. এম. কাদের নেওয়াজ এবং ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক মো. আবুল কাশেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রওলুল হক মৃধা।
অধ্যাপক মো. আবুল কাশেম বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও উপস্থাপনার দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পের সঙ্গে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক সংযোগ তৈরির সুযোগ করে দেয়। প্রতিযোগীদের কাজের প্রশংসা করে তিনি বলেন, বিজয়ীদের নির্বাচন করা বিচারকদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল।
বিভাগীয় প্রধান রওলুল হক মৃধা বলেন, ফ্যাশন শো ও কুইজের মতো আয়োজন শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি টেক্সটাইল ও অ্যাপারেল শিল্প সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনে সহায়তা করে। ভবিষ্যতে এ শিল্পের জন্য দক্ষ ও সৃজনশীল জনবল তৈরিতেও এ ধরনের আয়োজন ভূমিকা রাখবে।
আয়োজনের প্রথম পর্ব ‘ট্রেন্ডস অ্যান্ড ট্রিভিয়া’য় অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ফ্যাশন ও টেক্সটাইলবিষয়ক কুইজে ৫৪ জন শিক্ষার্থী অংশ নেন। এ পর্বে প্রথম হন আলিফা আক্তার আশা, দ্বিতীয় আদনান মাহমুদ এবং তৃতীয় মোছা. মারিয়া খানম মিতু।
দ্বিতীয় পর্ব ‘স্টোরি অন আ বোর্ড’-এ শিক্ষার্থীরা সৃজনশীল ফ্যাশন মুডবোর্ড উপস্থাপন করেন। এ প্রতিযোগিতায় প্রথম হন জেমি জাহান, দ্বিতীয় সিফি এবং তৃতীয় উমে হাবিবা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ‘ইকোস অব অটাম স্কাই’ পর্বে ৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ফ্যাশন শো ও র্যাম্প ওয়াক অনুষ্ঠিত হয়। এ পর্বে প্রথম হন মুসকান হাসান, দ্বিতীয় তানভীর আহমেদ এবং তৃতীয় নিধি তেরেসা রোজ।
ফ্যাশন শোর প্রধান বিচারক ছিলেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আবরোজা হক ডেইজি। বিচারক হিসেবে আরও দায়িত্ব পালন করেন একই বিভাগের সহকারী অধ্যাপক লিনা জাহাঙ্গীর, সহকারী অধ্যাপক মো. সোহেল আনোয়ার এবং আইএসইউর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. হাসিবুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপন গুড ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিরুল ইসলাম আপন এবং ভিরাট ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান বাদশা। বিজয়ীদের আর্থিক পুরস্কার, উপহার, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
আয়োজনটিতে সহযোগিতা করে রাইজ, মোমেন্টস, ভিরাট ফ্যাশন লিমিটেড, আপন গুড ফুড লিমিটেড, সিক্সথ সিজনস, ওয়ান লাইফস্টাইল বাংলাদেশ, রিভা ও রত্না। গ্রিন টেলিভিশন ছিল গণমাধ্যম সহযোগী।
আয়োজকদের মতে, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি ফ্যাশন ও অ্যাপারেল শিল্পের সঙ্গে পরিচিত হওয়ার এবং নিজেদের সৃজনশীলতা ও প্রতিভা তুলে ধরার সুযোগ পেয়েছেন।


