ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ‘টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ ১.০’। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে উঠেছে এই আয়োজন। টেক্সটাইল খাতের উদ্ভাবন, সৃজনশীলতা, দক্ষতা বিকাশ এবং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরির লক্ষ্যে আয়োজিত এই উৎসব ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।

নিটার টেক্সটাইল ক্লাবের উদ্যোগে এবং নিটার ফ্যাশন ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই উৎসবে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. জাহিদ হাসান এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। উৎসবের সূচনা পর্বের পরপরই শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, বিশ্লেষণী দক্ষতা ও পেশাগত যোগ্যতা বিকাশের লক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

এর মধ্যে রয়েছে টেক্সটাইল অলিম্পিয়াড, কেস কম্পিটিশন, মক ইন্টারভিউ এবং ‘৩০০ সেকেন্ডস ইনোভেশন’ শীর্ষক প্রতিযোগিতা। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান ও দক্ষতা প্রদর্শনের পাশাপাশি বাস্তবভিত্তিক সমস্যা সমাধান, নতুন ধারণা উপস্থাপন এবং পেশাগত জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছেন।

‘টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ ১.০’ শুধু একটি প্রতিযোগিতামূলক আয়োজন নয়; বরং এটি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের টেক্সটাইল শিক্ষার্থীদের একত্রিত করে অভিজ্ঞতা বিনিময়, নতুন উদ্ভাবনী ধারণা তুলে ধরা এবং শিল্প ও শিক্ষাঙ্গনের মধ্যে সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখছে। নিটার প্রাঙ্গণে আয়োজিত এই উৎসব দেশের টেক্সটাইল শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা, সুস্থ প্রতিযোগিতা এবং পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com