বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) পুলক্রা কেমিক্যালস প্রেজেন্টস চার দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট ‘ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ফুটবল ফিয়েস্তা ২.০’ আয়োজন করা হয়েছে।
টুর্নামেন্ট উপলক্ষে আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জার্সি উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চার দিনব্যাপী এ টুর্নামেন্টে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম থেকে ৫১তম ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
টুর্নামেন্টকে ঘিরে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। টুর্নামেন্টের সহযোগিতার আছেন আইটিইটি’র সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. মাহমুদুল ইসলাম সাদ্দাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইমদাদ সরকার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক শিল্পী আক্তার, আইটিইটি’র সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. মাহমুদুল ইসলাম সাদ্দাম এবং বুটেক্স স্পোর্টস ক্লাবের ফুটবল কোচ এফ. এম. ওয়াহিদুজ্জামান।
পরে বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইমদাদ সরকারের হাত ধরে টুর্নামেন্টের অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচন এবং প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের আয়োজন নিয়ে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী তামিম হোসেন বলেন, “ক্লাস, ল্যাব ও অন্যান্য একাডেমিক ব্যস্ততার মধ্যেও এধরনের আয়োজন শিক্ষার্থীদের জন্য আনন্দ ও বিনোদনের সুযোগ তৈরি করে। ফুটবল ফিয়েস্তা ২.০ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও পারস্পরিক বন্ধন আরও শক্তিশালী করবে। পাশাপাশি ফুটবল শারীরিক অনুশীলনের সঙ্গে কৌশলগত ও মানসিক দক্ষতা বিকাশেও ভূমিকা রাখবে।”
আইটিইটি’র সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদুল ইসলাম সাদ্দাম বলেন, “টুর্নামেন্টে প্রতিযোগিতার পাশাপাশি ফেয়ার প্লে ও বুটেক্সিয়ানদের পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখাও গুরুত্বপূর্ণ। আর খেলায় হার-জিত থাকবেই, তবে এই হার-জিত আমরা যেন খেলার মাঠেই রেখে চলে যাই। সেটা যেন আমাদের ব্যক্তিগত জীবনে কোনো প্রভাব না ফেলে।”
ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইমদাদ সরকার বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সুস্থতার পাশাপাশি পড়াশোনায় নতুন উদ্যম তৈরি করে। ঢাকা শহরে উন্মুক্ত মাঠের সংখ্যা কমে গেলেও বুটেক্সের শিক্ষার্থীদের মাঠ ব্যবহারের সুযোগ রয়েছে, যা কাজে লাগানো উচিত। হার-জিতকে স্বাভাবিকভাবে গ্রহণ করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং খেলাধুলার কারণে একাডেমিক কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে বিষয়েও শিক্ষার্থীরা খেয়াল রাখবা।”
অনুষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক শিল্পী আক্তার বলেন, “বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন আয়োজন সিনিয়র-জুনিয়রদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি আরও দৃঢ় করতে সহায়ক। শিক্ষার্থীরা সুশৃঙ্খল ও খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই টুর্নামেন্ট সম্পন্ন করবে আশা করি।”
জার্সি উন্মোচন অনুষ্ঠানের পর ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ও ৫১তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।


