টেক্সটাইল প্রকৌশলীদের পেশাজীবী সংগঠন দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি), বাংলাদেশের নবনির্বাচিত ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর আর্মি গলফ ক্লাবে সন্ধ্যা ৭টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইটিইটির নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেন।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে শিল্পখাত, বিশেষ করে তৈরি পোশাকশিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শিল্পায়ন ও উৎপাদন ব্যবস্থাকে আধুনিক করতে টেক্সটাইল প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের ভূমিকা অপরিসীম। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব উৎপাদন ও দক্ষ মানবসম্পদ তৈরির দিকে গুরুত্ব দিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, সংসদ সদস্য প্রকৌশলী মাহবুবা হাকিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে সংসদ সদস্য প্রকৌশলী মাহবুবা হাকিম আইটিইটিকে ব্যক্তি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে রেখে সব প্রকৌশলীর সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি টেক্সটাইল গবেষণার জন্য বিশেষ তহবিল গঠন, ‘জাতীয় টেক্সটাইল ইনোভেশন অ্যান্ড এক্সিলেন্স সেন্টার’ প্রতিষ্ঠা এবং টেক্সটাইল প্রকৌশলীদের জন্য স্বতন্ত্র বিসিএস ক্যাডার চালুর প্রস্তাব দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরতে দূতাবাসগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। কারখানায় মালিক-শ্রমিক সুসম্পর্ক এবং নারী শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের ওপর তিনি বিশেষ জোর দেন।
সভাপতির বক্তব্যে আইটিইটি সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেন বিদেশের বিভিন্ন বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল উইংয়ে টেক্সটাইল প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার দাবি জানান। তিনি আশা প্রকাশ করেন, এতে বিদেশি ক্রেতাদের সঙ্গে কারিগরি সমঝোতা ও পোশাক খাতের আন্তর্জাতিক বাজার ব্যবস্থাপনা আরও জোরদার হবে। একই সঙ্গে তিনি সদস্যবান্ধব ও স্বচ্ছ আইটিইটি উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু, রাজউক চেয়ারম্যান ও আইইবি সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি প্রকৌশলী এটিএম সামসু উদ্দীন খানসহ সংগঠনের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অভিষেকের শুরুতে উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেওয়া হয়। আলোচনা পর্ব শেষে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।


