নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ঘোষিত ৬০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ শুরু হয়েছে। এ পর্যন্ত চার খাতে বরাদ্দকৃত ১১ হাজার কোটি টাকার মধ্যে বিতরণ হয়েছে অর্ধেকের কিছু বেশি।
তবে এই তালিকায় নেই বন্ধ হয়ে থাকা কারখানার কোনো আবেদন। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ বিতরণবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এতে দেখা যায়, প্রিশিপমেন্ট ক্রেডিট খাতে প্রাক-অর্থায়ন স্কিমে বিতরণ হয়েছে ৩ হাজার ৯০০ কোটি টাকা।
এই সুবিধা পেয়েছেন ১,১০০ জন রপ্তানিকারক। কটেজ ও মাইক্রো খাতের উদ্যোক্তা তৈরিতে পিকেএসএফ-এর মাধ্যমে ৫ হাজার কোটি টাকার মধ্যে মাঠপর্যায়ে গেছে মাত্র ১ হাজার ২৫০ কোটি টাকা। তবে সৃজনশীল অর্থনীতিতে ঋণ বিতরণের গতি বেশ ইতিবাচক, বরাদ্দের ৫০০ কোটি টাকার পুরোটাই বিতরণ হয়েছে।


