ইউরোপের অন্যতম বৃহৎ বিটুবি টেক্সটাইল সেন্টার পোল্যান্ডের ‘পোটাক এক্সপো’তে অনুষ্ঠিত ‘ট্রেন্ডস এক্সপো ২০২৬’-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ। তৈরি পোশাক খাতের সক্ষমতা তুলে ধরতে আন্তর্জাতিক এই প্রদর্শনীতে বাংলাদেশের ৩৫টি তৈরি পোশাক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আয়োজনে পোশাকশিল্প প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ-র সভাপতি মোহাম্মদ হাতেম।
গত ২৫ থেকে ২৭ আগস্ট পোল্যান্ডের লোজ শহরে আয়োজিত এই আন্তর্জাতিক অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বিকেএমইএ সভাপতি।
অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন পোটাক হোল্ডিংয়ের প্রেসিডেন্ট নিনা রিশকা-ওলব্রিখোভস্কা, পোটাক এক্সপোর আন্তর্জাতিক বিক্রয় পরিচালক অ্যাডাম শিবুর, বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) সভাপতি মো. আব্দুল হামিদ এবং বিকেএমইএর পরিচালক রাজীব চৌধুরী।
তিন দিনব্যাপী এই বিশ্বমঞ্চে ইউরোপসহ বিভিন্ন দেশের পোশাক ও টেক্সটাইল খাতের বড় আমদানিকারক, উৎপাদক এবং ব্যবসায়িক প্রতিনিধিরা অংশ নেন। পূর্ব ইউরোপের এই বাণিজ্যিক প্ল্যাটফর্মটিকে বাংলাদেশি তৈরি পোশাকের বাজার সম্প্রসারণ, নতুন অংশীদারিত্ব তৈরি এবং পণ্য উদ্ভাবন প্রদর্শনের বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
আয়োজক ও অংশগ্রহণকারীদের প্রত্যাশা, এই মেলার মাধ্যমে ইউরোপীয় বাজারে বাংলাদেশের পোশাক খাতের আধুনিক সক্ষমতা ও বৈশ্বিক প্রতিযোগিতামূলক অবস্থান আরও মজবুত হবে।

