যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি বাড়াতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের প্রথম ডিজিটাল কাঁচা তুলার প্ল্যাটফর্ম ‘কটনপোর্ট’। আমেরিবাংলা করপোরেশনের এই উদ্যোগের মাধ্যমে দেশের স্পিনিং মিলগুলো এখন সরাসরি মার্কিন কৃষকদের কাছ থেকে তুলা কেনার সুযোগ পাবে।
রাজধানীর একটি হোটেলে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমেরিবাংলা করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসওয়ার রহমান। তিনি জানান, সরাসরি তুলা ক্রয়ের সুযোগ তৈরি হওয়ায় মধ্যস্বত্বভোগীদের দাপট কমবে। ফলে যেমন কাঁচামালের ন্যায্য মূল্য নিশ্চিত হবে, তেমনি পুরো সরবরাহ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকবে।প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে সংগৃহীত ৮২ টন কাঁচা তুলার প্রস্তাব নিয়ে কার্যক্রম শুরু করেছে প্ল্যাটফর্মটি। ইতোমধ্যে দেশের ৩০টিরও বেশি স্পিনিং মিল কটনপোর্টের মাধ্যমে মার্কিন তুলা কিনতে আগ্রহ দেখিয়েছে।
সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টাই উন্মুক্ত থাকবে কটনপোর্ট। এতে ডাইনামিক প্রাইসিং, সরাসরি কনটেইনারভিত্তিক সরবরাহ এবং তুলার সঠিক উৎস যাচাইয়ের (ট্রেসিবিলিটি) আন্তর্জাতিক মানিফেকচার সুবিধা রাখা হয়েছে।আমেরিবাংলা করপোরেশন জানায়, ২০২৬ সালে পরীক্ষামূলকভাবে প্রতি মাসে ১০ কনটেইনার তুলা সরবরাহের লক্ষ্য রয়েছে।
২০২৮ সালের মধ্যে এই সরবরাহ মাসে ১ হাজার ৬০০ কনটেইনারে উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে। দীর্ঘমেয়াদে ২০৪৫ সালের মধ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন থেকে ১০০ বিলিয়ন ডলারে নিয়ে যেতে প্ল্যাটফর্মটি বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

