পোশাক খাতের শ্রমিকদের জন্য ‘বেকার শ্রমিক সুরক্ষা কর্মসূচি’ (ইউডব্লিউপিপি) এবং ‘শ্রম তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি’ (লিমস) বাস্তবায়নে বিজিএমইএ সদস্য কারখানার কর্মকর্তাদের নিয়ে একটি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স টু সোশ্যাল প্রোটেকশন বাজেট সাপোর্ট’ (টিএ-এসপিবিএস)-এর সহযোগিতায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানি কারকদের সমিতি (বিজিএমইএ) এই কর্মশালার আয়োজন করে।

রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল কারখানা পর্যায়ে ইউডব্লিউপিপির যোগ্যতা নির্ধারণ, নিবন্ধন প্রক্রিয়া, সুবিধাভোগী চিহ্নিতকরণ, প্রয়োজনীয় কাগজপত্র তৈরি ও বাস্তবায়ন পদ্ধতির পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘লিমস’ ব্যবস্থার কার্যকর ব্যবহার সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিজিএমইএ-এর স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি) সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আহমেদ জাবেদ। তিনি শ্রমিকদের সার্বিক সুরক্ষায় শক্তিশালী প্রাতিষ্ঠানিক সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার মিস ভ্যালেন্টিনা সামাজিক সুরক্ষা জোরদার করতে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

কর্মশালায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং কেন্দ্রীয় তহবিলের পরিচালক তহমিনা বেগম ইউডব্লিউপিপির সুবিধা, যোগ্যতা এবং সংশ্লিষ্ট অংশীদারদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। বিজিএমইএ-এর পরিচালক নাফিস উদ দৌলা শ্রমিক কল্যাণ এবং দক্ষ মানবসম্পদ গঠনে কেন্দ্রীয় তহবিলের ধারাবাহিক বিনিয়োগের বিষয়টি আলোকপাত করেন।পরবর্তী কারিগরি সেশনে টিএ-এসপিবিএস-এর প্রতিনিধিরা ইউডব্লিউপিপির বিভিন্ন ব্যবহারিক বিষয় উপস্থাপন করেন। পাশাপাশি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) সহকারী মহাপরিদর্শক আল আমিন ‘লিমস’ সফটওয়্যারে সঠিক ও নির্ভুল তথ্য ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করেন।বিজিএমইএ-এর স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের ডেপুটি সেক্রেটারি ও সেকশন-ইন-চার্জ সায়লা আক্তার নোভার পরিচালনায় কর্মশালাটি জিআইজেড-এর উপদেষ্টা মাহবুবুলের সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com