নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় হঠাৎ করে নারী শ্রমিকদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় ‘ভূত আতঙ্ক’ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার (২৩ আগস্ট) ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড নামের ওই কারখানাটিতে একদিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কারখানা সূত্রে জানা যায়, গত শুক্রবার ইপিজেডের ওই কারখানার নতুন ভবনে কাজ করার সময় কয়েকজন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। দেখতে দেখতে অসুস্থ শ্রমিকের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেলে সময়ের আগেই ছুটি দিয়ে দেওয়া হয়। অসুস্থদের বেপজা মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরবর্তীতে রোববার সকালে শ্রমিকরা কাজে ফিরলে আবারও অন্তত ১৫ থেকে ২০ জন অসুস্থ হয়ে পড়েন। এতে কারখানা জুড়ে আতঙ্কের সৃষ্টি হলে ছুটাছুটি শুরু হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক দাবি করেন, এক নারী শ্রমিক কারখানার ভেতরে ভৌতিক কিছু দেখার কথা জানানোর পরই অসুস্থ হয়ে পড়েন। এরপর একে একে আরও কয়েকজন অসুস্থ হতে থাকলে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

তবে ভৌতিক বিষয়ের দাবিটি নাকচ করে দিয়েছে কারখানা ও রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। কারখানার জেনারেল ম্যানেজার বিল্লাল হোসেন জানান, অসুস্থতার আসল কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির প্রকৃত কারণ চিহ্নিত করার চেষ্টা চলছে।

আদমজী ইপিজেডের বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন জানান, তারা কারখানাটি সরেজমিনে পরিদর্শন করেছেন। সেখানে বাতাস চলাচলে সমস্যা বা শ্বাসরোধ হওয়ার মতো কোনো পরিবেশ দেখা যায়নি। ঘটনার মূল কারণ উদঘাটনে অনুসন্ধান চলছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com