ইন্ডাস্ট্রিয়াল লিংকেজ ও একাডেমিক শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনবিজিআইএফটি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিজিআইএফটি)-এর অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘বিআইএসটি টেক্সটাইল ক্লাব’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
টেক্সটাইল শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধি, শিল্পখাতের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ তৈরি এবং একাডেমিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই ক্লাবটির যাত্রা শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর মুখপাত্র এবং আবেদ টেক্সটাইল প্রসেসিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন।
তিনি বলেন, “বাংলাদেশ বিশ্ব টেক্সটাইল বাজারে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। আগামী দিনে এই ধারাবাহিকতা বজায় রাখতে দক্ষ ও ইন্ডাস্ট্রি-রেডি প্রফেশনাল তৈরি করা জরুরি। বিআইএসটি টেক্সটাইল ক্লাবের উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইএএনইউ সভাপতি ও বিজিআইএফটির সম্মানিত অধ্যক্ষ প্রিন্সিপাল দেলোয়ার হোসাইন। তিনি বলেন, “বিজিআইএফটি সবসময় মানসম্মত শিক্ষা ও ব্যবহারিক দক্ষতার ওপর গুরুত্ব দিয়ে আসছে। টেক্সটাইল খাতের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি ও চাহিদার সঙ্গে শিক্ষার্থীদের প্রস্তুত করতে এই ক্লাবের কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।”
উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিআইএসটির প্রতিষ্ঠাতা পরিচালক ও অগ্রণী মডেল কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, “শুধু শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞান দিয়ে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সফল হওয়া সম্ভব নয়। শিক্ষার্থীদের বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলা ও দক্ষতা বিকাশে বিআইএসটি টেক্সটাইল ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জানে আলম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, মেসার্স সুজল টেক্সটাইল মিলস এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, জিহুয়া টেক্সটাইল মিলস কো. লি.; ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ, প্রতিষ্ঠাতা, আকন্দ ল’ অ্যান্ড অ্যাসোসিয়েটস, লন্ডন, যুক্তরাজ্য এবং আকন্দ ফাউন্ডেশন ও হাউস অব ইয়ুথ ডায়ালগ; হিলারি ফার্নান্দো, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা, এনআর গ্রুপ, পরামর্শক, শিন শিন গ্রুপ এবং প্রতিষ্ঠাতা, ওসালা কনসালটেন্ট সার্ভিস লিমিটেড; এবং মোহাম্মদ আল তাওহীদুল ইসলাম, উপ-প্রধান ব্যবস্থাপক—সাসটেইনেবিলিটি, এনভয় টেক্সটাইলস লিমিটেড।
বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বিআইএসটি টেক্সটাইল ক্লাবের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তাঁরা শিক্ষার্থীদের শিল্পখাতের পেশাজীবীদের সঙ্গে যোগাযোগ ও নেটওয়ার্কিং বৃদ্ধি, বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিজিআইএফটি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, ক্লাবের সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অডিটোরিয়াম প্রাণবন্ত হয়ে ওঠে। উদ্বোধনী ফিতা কাটা, অতিথিদের সম্মাননা স্মারক প্রদানসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
বিআইএসটি টেক্সটাইল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে শিল্পভিত্তিক সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ, ইন্ডাস্ট্রি ভিজিট, ক্যারিয়ার সেশন, নেটওয়ার্কিং কার্যক্রম এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি আয়োজনের মাধ্যমে টেক্সটাইল শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব শিল্পক্ষেত্রের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

