‘কারিগরি দক্ষতায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (এনটিইসি) দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ তাঁত বোর্ডের বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন সিদ্দিকী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান।দিনব্যাপী এই মেলায় টেক্সটাইল খাতের দেশের শীর্ষস্থানীয় ১০টি শিল্প প্রতিষ্ঠান অংশ নেয়। এতে মেলায় আগত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা সরাসরি জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার পাশাপাশি স্পট রেজিস্ট্রেশনের সুযোগ পান। এছাড়া আমন্ত্রিত অতিথিরা তরুণদের দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠনের বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

আয়োজকরা জানান, কারিগরি ও টেক্সটাইল খাতের শিক্ষার্থীদের সাথে সরাসরি শিল্প প্রতিষ্ঠানের সংযোগ ঘটাতে এবং দক্ষ জনশক্তি তৈরিতে এই আয়োজান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিনব্যাপী অনুষ্ঠিত এই জব ফেয়ারে কয়েকশ চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com