মিরপুরে ফ্যাশনপ্রেমী ও ক্রীড়ামোদিদের জন্য আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাক ও জুতা নিয়ে নতুন মাল্টি-ব্র্যান্ড আউটলেট চালু করেছে ডিবিএল গ্রুপের রিটেইল প্রতিষ্ঠান ‘ডিবিএল লাইফস্টাইলস লিমিটেড’। মিরপুর ১ নম্বর সেকশনের চাইনিজ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে শোরুমটির যাত্রা শুরু হয়েছে।
নতুন এই আউটলেটে বিশ্বখ্যাত চার ব্র্যান্ড—অ্যাডিডাস (Adidas), লিভাইস (Levi’s), নাইকি (Nike) এবং পুমা (Puma)-র অরিজিনাল লাইফস্টাইল ও স্পোর্টসওয়্যার পণ্য পাওয়া যাচ্ছে।
এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আউটলেটটি উদ্বোধন করেন ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের (অনু)। দেশের রিটেইল ও লাইফস্টাইল খাতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
স্পোর্টসওয়্যার, প্রিমিয়াম ডেনিম, মানসম্মত জুতা ও ফ্যাশন অনুষঙ্গসহ সব বয়সের ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য দিয়ে সাজানো হয়েছে শোরুমটি। উদ্বোধনী উপলক্ষকে ঘিরে ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফারও রাখা হয়েছে।

