চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্যাসিফিক ক্যাজুয়েলস লিমিটেড (ইউনিট-০১ ও ০২) আগামী ৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত টানা তিন দিনের জন্য ছুটি ঘোষণা করেছে। এ সময়ে কারখানার উৎপাদনসহ অন্যান্য সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
সম্প্রতি প্রতিষ্ঠানটির মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক মোঃ নাহিদ জামিন স্বাক্ষরিত এক নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয়।
নোটিশে বলা হয়, কারখানার অংশগ্রহণকারী কমিটির সঙ্গে আলোচনা ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটি মঞ্জুর করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী—আগামী ৫ আগস্ট (বুধবার) তালিকাভুক্ত উৎসব ছুটি এবং ৭ আগস্ট (শুক্রবার) সাপ্তাহিক ছুটি থাকবে। আর মধ্যবর্তী দিন অর্থাৎ ৬ আগস্ট (বৃহস্পতিবার) অতিরিক্ত ছুটি হিসেবে গণ্য হবে, যা পরবর্তীতে সুবিধাজনক সময়ে কাজের সঙ্গে সমন্বয় করা হবে।
ছুটি শেষে আগামী ৮ আগস্ট (শনিবার) সব শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাকে যথাসময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত হয়ে কাজ শুরু করার নির্দেশ দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
তবে ছুটি চলাকালে কারখানার সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতে নিরাপত্তা বিভাগের সব সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

