বাংলাদেশ অ্যাপারেলস জেনারেল ম্যানেজার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেয় স্টোর, ওয়্যারহাউস, ইনভেন্টরি, লজিস্টিকস ও সাপ্লাই চেইন পেশাজীবীদের সংগঠন SWILS। অনুষ্ঠানে দেশের তৈরি পোশাক (আরএমজি) শিল্পের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং আধুনিক সাপ্লাই চেইন ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিজিএমইএর সভাপতি, তৈরি পোশাক শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, শীর্ষ নির্বাহী এবং সংশ্লিষ্ট খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের একপর্যায়ে স্বিলসের প্রতিনিধিরা বাগমার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এ. পারভেজ লাবু-এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় দুই সংগঠনের মধ্যে পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।SWILS পক্ষে বক্তব্য দেন সংগঠনটির প্রধান প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন মো. ফেরদৌস রহমান।
তিনি বলেন, দেশের তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়ন এবং দক্ষ জনবল তৈরিতে বাগমা দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি এ উদ্যোগের ধারাবাহিক সফলতা কামনা করে জানান, স্বিলস ভবিষ্যতেও বাগমার সঙ্গে সমন্বিতভাবে কাজ করে স্টোর, ওয়্যারহাউস, ইনভেন্টরি, লজিস্টিকস ও সাপ্লাই চেইন খাতের পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে SWILS প্রতিনিধিদলে আরও ছিলেন সংগঠনের উপদেষ্টা আবু বকর সিদ্দিক, প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন শিশির দাস, মো. তাফাজ্জল হোসেন, অ্যাডমিন মোহাম্মদ রিয়াজুল হক, এস. এম. শাহনেওয়াজ শরীফ সামিম এবং মো. হামিদুর রহমান।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এ ধরনের আয়োজন তৈরি পোশাক শিল্পের পাশাপাশি স্টোর, ওয়্যারহাউস, ইনভেন্টরি, লজিস্টিকস ও সাপ্লাই চেইন খাতের পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নেতৃত্ব বিকাশ এবং জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করবে। একই সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের সক্ষমতা বাড়ানো এবং শিল্পখাতের টেকসই উন্নয়নেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

