বাংলাদেশ প্যাকেজিং ও আনুষঙ্গিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিএএমইএ) ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে একযোগে ভোট গ্রহণ চলবে। ঢাকায় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হল-৫ এবং চট্টগ্রামে দক্ষিণ খুলশীর বিজিএমইএ ভবনে এই ভোট নেওয়া হবে।
এবারের নির্বাচনে সভাপতি পদের প্রধান আকর্ষণ দুজন প্রার্থীর লড়াই। ঐক্য পরিষদের প্যানেল লিডার ও আদজি ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ারের মুখোমুখি হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ব্রিটানিয়া লেবেল বিডি লিমিটেডের জামিল আহমেদ।ইতিমধ্যেই সংগঠনটির ৬ জন সহসভাপতি এবং ১৫ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহসভাপতিরা হলেন—সিনিয়র সহসভাপতি পদে মো. মনিরুজ্জামান মোল্লা, প্রথম সহসভাপতি (চট্টগ্রাম) শাহজাদা মাহমুদ চৌধুরী, দ্বিতীয় সহসভাপতি জাহির উদ্দিন আলমগীর, অর্থবিষয়ক সহসভাপতি সাইফুল ইসলাম (সবুজ) এবং সহসভাপতি পদে জহির উদ্দিন মো. বাবর ও কাজী ফাহাদ।
অন্যদিকে, চট্টগ্রাম অঞ্চলের পাঁচটি পরিচালক পদের জন্য সরাসরি ভোট গ্রহণ করা হবে। এই পদে ঐক্য পরিষদের হয়ে লড়ছেন বশির আহমেদ, মোহাম্মদ সায়েম উদ্দিন, বেলাল উদ্দিন, মো. ফজলুল করিম (সাহেদ) ও আবুল ফজল মো. ইবনুল হাসান। একই অঞ্চলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হলি ইলাস্টিকের পরিচালক মো. ফজলে এলাহী প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করলেও সময় পেরিয়ে যাওয়ায় নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি। ফলে এই পদগুলোতেও ভোট অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন উপলক্ষে গত শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্যানেল লিডার ও সভাপতি পদপ্রার্থী মো. শাহরিয়ার তাদের ১১ দফা নির্বাচনী অঙ্গীকার প্রকাশ করেন। তিনি জানান, আগের মেয়াদের দেওয়া প্রতিশ্রুতিগুলোর প্রায় সবই তারা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন।
সভায় বক্তারা উল্লেখ করেন, পোশাক খাতের বাইরে অন্যান্য খাতের প্যাকেজিং ও আনুষঙ্গিক পণ্য উৎপাদনের বিষয়টি বিবেচনা করে সংগঠনের নাম পরিবর্তন করে বিপিএএমইএ করা হয়েছে। অনুষ্ঠানে পোশাক ও টেক্সটাইল খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ-এর সাবেক ও বর্তমান সভাপতিসহ বিশিষ্ট শিল্পোদ্যোক্তারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ১ আগস্ট ভোট গ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রেই ফলাফল প্রকাশ করা হবে।

