রপ্তানিমুখী দেশীয় বস্ত্র পণ্যের ক্ষেত্রে কাস্টমস বন্ড ও ডিউটি ড্র-ব্যাক সুবিধার বিপরীতে বিকল্প নগদ সহায়তা ১.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করায় সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমইএ)।

সংগঠনটি জানায়, এই যুগান্তকারী নীতিগত সিদ্ধান্ত দেশের বস্ত্র খাতকে আরও শক্তিশালী করার প্রতি সরকারের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন। বিটিএমইএ-এর দীর্ঘদিনের নীতিগত প্রচেষ্টা, গঠনমূলক আলোচনা এবং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে ধারাবাহিক বৈঠকের ফলশ্রুতিতে এই সিদ্ধান্ত এসেছে।

বিটিএমইএ-এর সভাপতি শওকত আজিজ রাসেলের দূরদর্শী নেতৃত্ব এবং পরিচালনা পর্ষদের অবিচল সমর্থনে সংগঠনটি এই প্রণোদনা বৃদ্ধির জন্য জোরালো দাবি জানিয়ে আসছিল।

স্থানীয়ভাবে উৎপাদিত সুতা ও কাপড়ের ব্যবহার বাড়ানো, ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পকে শক্তিশালী করা এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই প্রচেষ্টা চালানো হয়।বিটিএমইএ বিশ্বাস করে, সরকারের এই সময়োপযোগী পদক্ষেপ নতুন বিনিয়োগ আকর্ষণ করবে, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে এবং মূল্য সংযোজন বৃদ্ধি করবে। এর ফলে বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের টেকসই প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।

দেশের বস্ত্র খাতের উন্নয়ন ও অগ্রগতিতে ধারাবাহিক সহযোগিতা এবং অংশীদারিত্বের জন্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট সব সরকারি কর্মকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বিটিএমইএ।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com