বাংলাদেশের ফ্যাশন ও পোশাক শিল্পে উদ্ভাবন, গবেষণা এবং দক্ষ জনবল তৈরির লক্ষ্যে জাতীয় ফ্যাশন ডিজাইন কেন্দ্র প্রতিষ্ঠায় যৌথ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিএসসিআইসি) এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)।
এ লক্ষ্যে ৮ জুলাই ২০২৬ তারিখে বিইউএফটি-র স্থায়ী ক্যাম্পাসে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে বিএসসিআইসি প্রণীত একটি ধারণাপত্র পরিমার্জন করা হয় এবং এতে সংশ্লিষ্ট অংশীজনদের গুরুত্বপূর্ণ সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়। সভায় জাতীয় পর্যায়ে দক্ষ ফ্যাশন ডিজাইনারদের একটি পুল গঠন এবং একটি আধুনিক ফ্যাশন ডিজাইন কেন্দ্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বিইউএফটি-র মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, বিএসসিআইসি-র মাননীয় চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) মো. জাহিদুল ইসলাম হিতু। এছাড়া বিইউএফটি-র ভারপ্রাপ্ত উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি) ও ফ্যাশন স্টাডিজ (এফএস) বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিএসসিআইসি-র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা ডিজাইন গবেষণা, দক্ষতা উন্নয়ন, পণ্য উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর ডিজাইন সমাধান উন্নয়নে শিক্ষা ও শিল্পখাতের মধ্যে আরও শক্তিশালী সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে ক্ষুদ্র ও কুটির শিল্পের সক্ষমতা বৃদ্ধিতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে মত দেন তারা।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, প্রস্তাবিত জাতীয় ফ্যাশন ডিজাইন কেন্দ্র বাংলাদেশের ফ্যাশন শিল্পের টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং বিশ্বমানের ডিজাইন ইকোসিস্টেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি শিক্ষার্থী, গবেষক, ডিজাইনার ও শিল্পখাতের পেশাজীবীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

