চলতি বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি খাত আবার ইতিবাচক ধারায় ঘুরে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক ব্যাংক এইচএসবিসি। তেলের দাম কমে আসা, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা দূর হওয়া এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী থাকার কারণে এই সম্ভাবনা তৈরি হয়েছে।

সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত ‘এইচএসবিসি ইকোনমিক আউটলুক ২০২৬: দ্য বাংলাদেশ পারস্পেকটিভ’ শীর্ষক এক বিশেষ সেমিনারে ব্যাংকের এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ফ্রেডেরিক নিউম্যান এই মূল্যায়ন তুলে ধরেন।

তিনি জানান, দেশে চলমান অর্থনৈতিক সংস্কারের ফলে অভ্যন্তরীণ বিনিয়োগ ও ভোগ ব্যয় বৃদ্ধি পাবে। এর হাত ধরে চলতি অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সেমিনারে বাজেট বাস্তবায়ন ও অর্থনৈতিক চ্যালেঞ্জসংক্রান্ত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সবার আস্থা ফিরিয়ে আনাই এখন সরকারের বড় চ্যালেঞ্জ। এই লক্ষ্য অর্জনে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে একটি শক্তিশালী ও কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে কাজ চলছে। পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণে নতুন বাজার সন্ধান, নিয়ন্ত্রক সংস্থার প্রতিবন্ধকতা হ্রাস এবং বেসরকারি খাতের বিনিয়োগের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের আগামী দিনের অর্থনৈতিক অগ্রগতি নির্ভর করবে প্রবৃদ্ধির গুণগত মান ও টেকসই ভিত্তির ওপর। বর্তমান বৈশ্বিক ব্যয় বৃদ্ধি ও তারল্য সংকটের বাজারে টিকে থাকতে হলে শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা এবং বিশ্বস্ত অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা জরুরি।সেমিনারে আরও বক্তব্য দেন এইচএসবিসির এশিয়া অঞ্চলের ইন্টারন্যাশনাল মার্কেটসের হেড অব ব্যাংকিং প্রিয়া কিনি।

তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক ভূরাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে বাজারের সঠিক গতিবিধি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইচএসবিসি তাদের বৈশ্বিক গবেষণা ও দক্ষতার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সব সময় সহায়তা করে যাবে।জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দেশের শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্ব এবং বিভিন্ন শিল্প খাতের প্রতিনিধিদের উপস্থিতিতে এই আয়োজনটি সম্পন্ন হয়।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com