বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মুখরিত হয়ে উঠেছিল ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ক্যাম্পাস। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনা জার্সি পরে মাঠে নামে দুই দল।
প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচটি ক্যাম্পাসে উপস্থিত সবার জন্য হয়ে ওঠে দারুণ উপভোগ্য। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও শেষ পর্যন্ত ব্রাজিল দল ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করে।
বিশ্বকাপ ফুটবলের আবহকে ঘিরে আয়োজিত এই ব্যতিক্রমী আয়োজন নিটার ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। খেলার মাঠে যেমন ছিল প্রতিযোগিতার উত্তাপ, তেমনি মাঠের বাইরে ছিল পারস্পরিক সৌহার্দ্য, আনন্দ ও সহমর্মিতার অনন্য প্রকাশ।
ম্যাচটি উপভোগ করেন নিটারের ডিরেক্টর অধ্যাপক ড. আশেকুল আলম রানা। তিনি এ ধরনের আয়োজনের প্রশংসা করে বলেন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


