বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) দ্বিতীয় সমাবর্তন আগামী ২৮ মার্চ ২০২৭ তারিখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজনের বিষয়ে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য। তবে সমাবর্তন আয়োজনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে গত ১৭ অক্টোবর জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ৯(২) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আগামী ২৮ মার্চ ২০২৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করতে সম্মতি জ্ঞাপন করেছেন।
এদিকে, সমাবর্তনে অংশগ্রহণে ইচ্ছুক গ্র্যাজুয়েটদের অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ১১২তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সমাবর্তনের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের সময় আগামী ১০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে।


