জাতীয় টেক্সটাইল ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ফুটবল দলের প্রতিপক্ষ ছিল প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। তবে ম্যাচ-পরবর্তী সময়ে টুর্নামেন্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ উত্থাপিত হয় যে, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি দলের হয়ে ক্যাম্পাসের বাইরের খেলোয়াড় অংশগ্রহণ করেছেন, যা প্রতিযোগিতার নির্ধারিত নীতিমালা ও অংশগ্রহণের নিয়মের পরিপন্থী।
অভিযোগের প্রেক্ষিতে আয়োজক কর্তৃপক্ষ বিষয়টি যাচাই-বাছাই করে এবং টুর্নামেন্টের বিধি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে নিয়ম অনুসারে ন্যায্য প্রতিযোগিতার স্বার্থে নিটার ফুটবল দলকে ফাইনালে উন্নীত করা হয়।খেলাধুলার মূল চেতনা হলো সততা, শৃঙ্খলা ও ন্যায়সঙ্গত প্রতিযোগিতা। এসব মূল্যবোধ সমুন্নত রেখে আয়োজকদের গৃহীত সিদ্ধান্তকে নিটার পরিবার সম্মানের সঙ্গে গ্রহণ করছে এবং বিশ্বাস করে যে, এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে আরও স্বচ্ছ ও সুন্দর ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে।
উল্লেখ্য, জাতীয় টেক্সটাইল ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ আজ বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ফাইনালকে সামনে রেখে নিটার ফুটবল দলের জন্য সকলের দোয়া ও শুভকামনা কামনা করা হচ্ছে।


