ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ নিটার এর সাবেক শিক্ষার্থী এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)এর সাব-ইন্সপেক্টর রনি দেবনাথ সম্প্রতি একটি চাঞ্চল্যকর হত্যা মামলার সফল তদন্তের স্বীকৃতিস্বরূপ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মাননা লাভ করেছেন।
জানা যায়, গাজীপুরের গজারিয়া এলাকার বাসিন্দা হালিমা আক্তার (১৯) এর ধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে অসামান্য পেশাদারিত্ব, দক্ষতা এবং দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। ঘটনার তদন্তে পিবিআই মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করে এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে সক্ষম হয়।
তদন্ত সূত্রে জানা যায়, গত ২৬ মে পূর্বপরিকল্পিতভাবে চারজন অভিযুক্ত হালিমা আক্তারকে নদীর তীরে ডেকে নেয়। পরে নৌকাযোগে নদীর ওপারে একটি ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে তাঁকে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে ২৯ মে নৌ-পুলিশ ফুলদী নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
ঘটনার তদন্তে পিবিআই অভিযুক্ত আবু কালাম, জামাল হোসেন, আল-আমিন প্রধান ও রাসেল মিয়াকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তদন্তে উঠে আসে, অর্থনৈতিক বিরোধ এবং ব্যক্তিগত সম্পর্ক প্রকাশ পাওয়ার আশঙ্কা থেকেই এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছিল।
সাব-ইন্সপেক্টর রনি দেবনাথের এই অর্জন নিটার পরিবারের জন্য গর্বের বিষয়। তাঁর নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।


