তরুণদের দক্ষতা উন্নয়ন, নেটওয়ার্কিং এবং ক্যারিয়ার গঠনে নতুন সম্ভাবনা তৈরি করতে “টেক্সটাইল ইয়ুথ কার্নিভাল ২.৬” আয়োজন করতে যাচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি। আগামী ৩ জুলাই ২০২৬, শুক্রবার রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ ফিল্ম আর্কাইভে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ কার্নিভালে থাকছে ইন্ডাস্ট্রি এক্সপার্টদের অনুপ্রেরণামূলক বক্তব্য, সৃজনশীল প্রদর্শনী, সিভি বুথ ও মক ইন্টারভিউ, ফ্যাশন শো এবং শিক্ষার্থীদের জন্য নেটওয়ার্কিংয়ের বিশেষ সুযোগ। এছাড়াও অংশগ্রহণকারীদের জন্য থাকছে সার্টিফিকেট, টি-শার্ট, উপহার ও লটারির আয়োজন।
আয়োজকরা জানান, বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব দক্ষতা ও ইন্ডাস্ট্রি কানেকশন তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য থেকেই “টেক্সটাইল ইয়ুথ কার্নিভাল ২.৬” তরুণদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে দেশের স্বনামধন্য টেক্সটাইল ও কর্পোরেট খাতের পেশাজীবী, উদ্যোক্তা ও তরুণ উদ্ভাবকেরা উপস্থিত থাকবেন। অংশগ্রহণকারীরা সরাসরি ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় ও ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পাবেন।
কার্নিভালে অংশগ্রহণের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। আগ্রহীদের দ্রুত নিবন্ধনের জন্য আহ্বান জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।


