Advertisement

আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন ও উৎসব বোনাস পরিশোধ নিশ্চিত করতে বিজিএমইএ, বিকেএমইএ এবং বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঈদকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পশুর হাটের নিরাপত্তা, সড়ক ও মহাসড়কে যানজট নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

মন্ত্রী জানান, ঈদকে ঘিরে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদরদপ্তরে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। ঈদের আগে ও পরে মোট ১৪ দিন এই সেল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। একই সঙ্গে র‍্যাব, পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড ও গোয়েন্দা সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সারা দেশে এবার ৪ হাজার ২৫৯টি পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৫টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১টি হাট বসবে। প্রতিটি হাটে পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা এবং জালনোট শনাক্তে ব্যাংকের বুথ ও মেশিন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সড়ক ও নৌপথে পশুবাহী যানবাহনে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করবে এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে।

চামড়া পাচার রোধে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়া কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতা বাড়াতে দেশব্যাপী প্রচারণা চালানো হবে। এ লক্ষ্যে বিনামূল্যে লবণ সরবরাহের জন্য সরকার ২০ কোটি টাকা অনুমোদন দিয়েছে।

মন্ত্রী আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। ফেরি ও লঞ্চে যাত্রী এবং পশু পরিবহনে যাতে কোনো ধরনের হয়রানি না হয়, সেজন্যও বিশেষ নজরদারি থাকবে।

তিনি আশা প্রকাশ করেন, সরকারের এসব পদক্ষেপের মাধ্যমে দেশবাসী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন করতে পারবেন।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com